সোশ্যাল মিডিয়া কমার্স প্রিপেইড কার্ড চালু
এফ (ফেসবুক) কমার্সকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে প্রথমবার চালু হলো সোশ্যাল মিডিয়া কমার্স প্রিপেইড কার্ড। বুধবার (১ জুন ২০২২) উচুয়াল ট্রাস্ট ব্যাংক আর ই-কুরিয়ার’কে সঙ্গে নিয়ে দ্বৈত মুদ্রার এই প্রিপেইড কার্ড চালু করে মাস্টারকার্ড।
রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই কার্ডটি অবমুক্ত করেন পরিকল্পনা মন্ত্রী মোহাম্মাদ আব্দুল মান্নান । মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন উচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ই-কুরিয়ার লিমিডেটেডের চেয়ারম্যান মাহবুবুল মতিন, ই-কুরিয়ার’র চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বিপ্লব ঘোষ রাহুল প্রমুখ।
সূত্রমতে, কার্ডটির মাধ্যমে ই-কমার্স পোর্টাল, জুয়েলারি শপস, গ্রোসারি এবং ক্লথিং স্টোরে বিশেষ ছাড় মিলবে। এই কার্ডহোল্ডাররা বাংলাদেশে ৫ হাজার পাঁচশর বেশি আউটলেটে ডুয়াল কারেন্সি ট্রানজেকশন সুবিধা, হোটেলে অবস্থানে বোগো (বাই-ওয়ান-গেট-ওয়ান), ডাইনিং ও লাইফস্টাইল অফার এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মে সহজে সাবস্ক্রিপশনের (নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম) উপায় ছাড়াও পাবেন এমটিবি গ্রিন পিন সার্ভিস, সার্বক্ষণিক কন্টাক্ট সেন্টার সার্ভিস, এসএমএস ব্যাংকিং, পিওএস সেবা, এটিএম ও কিউআর-কোড ট্রানজেকশন সুবিধা পাবেন।
কার্ডের দ্বৈত মুদ্রা (ডুয়াল কারেন্সি) সুবিধা থাকায় তৃতীয়-পক্ষের কোনো পেমেন্ট নারী উদ্যোক্তারা বাড়তি ঝামেলা ছাড়াই ফেসবুক পেজ বুস্ট করতে পারবেন। ই-কুরিয়ার সরাসরি ক্লায়েন্টের প্রিপেইড কার্ডে ফান্ড ট্রান্সফার করবে। নারী উদ্যোক্তাদের আর সশরীরে নগদ অর্থের জন্য ই-কুরিয়ারে যেতে হবে না।